স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৮ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 10:21 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোডে রাতের আধাঁরে গোলাপ রেস্ট হাউজের পেছনের পুকুরটি অবৈধভাবে ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলে ব্যাপক সমালোচনা চলছিল। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন।
অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পুকুর ভরাটের সাথে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ভরাটকারীদের কাউকে না পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. জুবায়ের হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, অবৈধ পুকুর ভরাটকারিরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে, তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেওয়া যায়নি। তিনি আরো জানান, অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘদিন যাবত এই পুকুরটি ভরাটের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫(সংশোধিত-২০১০)এর উপ-ধারা ৬ (ক) ধারার পরিপন্থি। এবিষয়ে স্থানীদের অভিযোগের প্রেক্ষিতে গত ২০১৮ সালের মার্চ মাসে তাদের পরিবেশ অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয়। এর ফলে বেশ কিছুদিন পুকুর ভরাট বন্ধ থাকলেও পুনরায় রাতের আধাঁরে অবৈধভাবে পুকুরটি ভরাট শুরু হয়েছে।
Posted ১০:২১ পিএম | সোমবার, ০৮ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya