পৌরসভার সাড়া না পেয়ে নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার করছেন স্থানীয়রা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 10:48 pm

পৌরসভার সাড়া না পেয়ে নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার করছেন স্থানীয়রা

দীর্ঘ প্রায় দুই বছর ধরে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা না পেয়ে অবশেষে নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেড্ডা নোয়াপাড়ার বাসিন্দারা।

শনিবার সকালে স্থানীয়দের অংশগ্রহণে এ কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মুজিবুর রহমান মুজিব, মো. আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, সাবেক সেনাসদস্য সাইফুল ইসলাম, আশরাফ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এতে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে অনেক সময় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সমস্যার সমাধানে গত প্রায় দুই বছর ধরে একাধিকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন তারা।
এলাকাবাসীর আশা, ড্রেন পরিষ্কার হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে তারা দ্রুত সময়ের মধ্যে পৌর কর্তৃপক্ষকে এলাকার ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

The Daily Sarod |