অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 8:03 pm
তিতাস নদীরপাড়ে অবস্থিত মলাইশ উত্তর রাধারানী শ্মশান
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলাধীন শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের তিতাস নদীরপাড়ে অবস্থিত মলাইশ উত্তর রাধারানী শ্মশানটিতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ গ্রামে ১৩০টি হিন্দু পরিবারের বসবাস। আর তাদের একমাত্র ভরসা হলো এ শ্মশানটি। গ্রামের অধিকাংশ পরিবার দরিদ্র সীমার নীচে বসবাস করে এবং তারা কৃষিকাজের উপরই নির্ভরশীল। তাই অর্থাভাবের কারণে প্রায় ৪০ বছর ধরে এ শ্মশানটির উন্নয়নে ততটা অগ্রসর হতে পারেনি।
জানা যায়, প্রতিবছরই দূরদূরান্ত থেকে পূর্ণার্থীরা শ্মশান সংলগ্ন তিতাস নদীতে অষ্টমী স্নান করতে আসে। এখানে পূর্ণার্থীদের কাপড় পরিবর্তন করার কোন জায়গা নেই, এমনকি বসার জায়গাটুকুও নেই। অষ্টমী স্নানকে উপলক্ষে নদীরপাড়েই বসে মেলা। বর্তমানে গ্রামবাসীর সহযোগিতায় শ্মশানটিতে দাহ বা শেষকৃত্যের জন্য ২টি চুলা স্থাপন করা হলেও নেই কোনো স্নান করানোর ব্যবস্থা, নেই কোন মন্দির, এমনকি শেষকৃত্য সম্পন্ন করতে আসা লোকদের নেই কোনো কীর্তন করার স্থান। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসী।
শ্মশানের সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, গ্রামবাসীর সহযোগিতায় শ্মশানে ২টি চুলা স্থাপনসহ অতি প্রয়োজনীয় কিছু কাজ করা হয়েছে। এখন শ্মশানটির সুরক্ষার স্বার্থে রিটার্নিং দেওয়াল দেওয়া অতিব জরুরী। তাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Posted ৮:০৩ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya