https://www.jac-recruitment.sg/?source=google.com
কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

এক দেশের সরকার প্রধানকে আরেক দেশে অসুর বানিয়ে উপস্থাপন অশোভন ও নিন্দনীয়: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০১ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 8:55 pm

এক দেশের সরকার প্রধানকে আরেক দেশে অসুর বানিয়ে উপস্থাপন অশোভন ও নিন্দনীয়: ধর্ম উপদেষ্টা
ভারতে দুর্গাপূজা মণ্ডপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে বিকৃত করে অসুর রূপে উপস্থাপন করা অশোভন এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ. ম. ম. খালিদ হোসেন। আজ বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু একটি দেশের সরকার প্রধানকে আরেকটি দেশে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করাটা খুবই অশোভন এবং অসম্মানজনক। আমরা এটার নিন্দা জানাই। যারা এ কাজগুলো করেছে, ভালো করেনি। এটা মানুষের প্রতি মানুষের সম্মান বিনষ্ট করে। বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে। তারা ফিরে এলে কারা এগুলো করেছে খোঁজ নিয়ে এ বিষয়ে যা করার করবেন।
তিনি বলেন, দেশে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি। দুর্গোৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন প্রমুখ।
Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

dainiksarod |