ব্রাহ্মণবাড়িয়ায় ১১,৬০০ পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০২ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 9:08 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ১১,৬০০ পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ একজন আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে অবৈধভাবে আনা ১১ হাজার ৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লেসহ মো. রাসেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (০১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালীপাড়া) এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাসেল জেলার কসবা উপজেলার কল্যাণসাগর এলাকার বাসিন্দা। বুধবার (০২ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. এহতেশামুল হক।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতগাঁও (কপালীপাড়া) এলাকায় বিজয়নগর থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ১১ হাজার ৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এহতেশামুল হক আরও জানান, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় আটক মাইক্রোবাস চালক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | বুধবার, ০২ জুলাই ২০২৫

The Daily Sarod |