ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৯ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 8:10 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে জড়া হন। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণতান্ত্রিক সংস্কৃতিক আহবায়ক ঐক্যের আব্দুন নুর, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতিবিশ্বজিৎ পাল, প্রভাষক ও সাংবাদিক শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাবের হোসেন, ওমর ফারুক, মানজুরুল হাসান ও জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের কর্মী মোকাররম হোসেন, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী মোজ্জামেল হক, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সাইফুল ইসলাম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মুস্তফা জাফরি। সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী সানিউর রহমান। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করে।
মানবন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া দেশের ঐতিহ্যবাহী জেলা ও প্রাচীন জনপথ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ স্বাধীনতা পরবর্তীতে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবদান উল্লেখযোগ্য। জেলায় প্রাকৃতিক খনিজ সম্পদ গ্যাস ক্ষেত্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সারকারখানা, আন্তর্জাতিক নদী ও স্থল বন্দর, চাল উৎপাদনসহ প্রবাসী আয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে এই জেলা। ভৌগোলিক ও বানিজ্যিক কারণ অন্যান্য জেলার সঙ্গে এই জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। জেলার জনসংখ্যা প্রায় ৩৪ লাখ। এই জেলায় চিকিৎসাসেবার জন্য ২৫০ শয্যার একটি সরকারি হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। যা ৩৪ লাখ মানুষকে চিকিৎসাসেবা দেবার জন্য মোটেও উপযুক্ত না। জেলার হৃদরোগের ৪০-৬০শতাংশ রোগী ঢাকায় নেওয়ার পথে মারা যায়। সরকারি মেডিকেল কলেজ না থাকায় জেলাবাসী উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এবং গুরুতর ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন। বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরও জেলাটিতে সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং স্থাপনের ক্ষেত্র সবসময় উপেক্ষিত হয়ে আসছে। ভৌগোলিক অবস্থানগত কারণে জেলায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এর সুফল এই জেলাসহ আশপাশের জেলার সাধারণ শিক্ষার্থীরাও পাবে।
ফাহিন মুনতাসির বলেন, প্রায় ৫ বছর ধরে জেলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছি। জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে তিন সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য স্মারকলিপিও দিয়েছি। এর অনুলিপি মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টার কাছেও দিয়েছি। প্রবাসী আয়সহ বিভিন্ন দিক দিয়ে আমরা এগিয়ে রয়েছি। তাই মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপন এখন সময়ের দাবি।
Posted ৮:১০ পিএম | রবিবার, ২৯ জুন ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya