অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন ও আনসার ব্যাটালিয়নের একটি দল অংশ নেয়।
অভিযান সূত্র জানায়, দুটি দোকানে চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি করা হচ্ছিল এবং মজুদের স্বপক্ষে সুনির্দিষ্ট কাগজপত্র, যেমন ক্রয়-বিক্রয়ের ভাউচার দেখাতে ব্যর্থ হন দুই দোকানি। তাছাড়া দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে, সে সম্পর্কেও তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেননি। এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে।