নবীনগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ১৬ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 8:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোসাইপুর-জালশুকা সড়কের নির্মাণ কাজ ১১ মাসেও শেষ হয়নি। ফলে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
তিতাস নদীর উত্তর পাড়ে বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রাম। গ্রামের পশ্চিম দিকে রয়েছে বাজার। এ বাজারের নির্ভরশীল রাধানগর, চরগোসাইপুর, জালশুকা, বড়াইল, মেরাতুলী গ্রামের মানুষজন। বাজারের পূর্ব দিকেই চলে গেছে গোসাইপুর-জালশুকা সড়ক। এ সড়কের উত্তর পাশেই গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের এক কিলোমিটার দূরেই গোসাইপুর দারুস্সুন্নাহ মাদরাসা। এরপর সড়কের পাশেই রয়েছে ব্যাপারী বাড়ি মসজিদ। গ্রামের পূর্বপাড়ায় রয়েছে বড়বাড়ি জামে মসজিদ। প্রতিদিন জালশুকা, মেরাতুলী, নদীর দক্ষিণ পাড়ের বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর, রাজাপুর ও ভৈরবনগর গ্রামের মানুষেরাও সড়কটি ব্যবহার করে বাজারে আসেন।
গোসাইপুর বাজারের বাসিন্দারা জানান, নদীর ওপাড় থেকে প্রতিদিনই শত শত মানুষ খেয়া নৌকা দিয়ে পার বাজারে আসেন । নদীর পাড়ে থাকা মাটি কয়েকদিনের বৃষ্টিতে ভেঙে পড়েছে।সড়কের দুপাশেই খানাখন্দ থাকায় মানুষ স্বাভাবিক চলাচল করতে পারছেন না। বাড়ছে অটোরিক্সা দুর্ঘটনা।
বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার বলেন, পূর্ব অঞ্চলের জনগণের জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। গোসাইপুর বাজার ও রাধানগর গ্রামের আব্দুর রাজ্জাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজে আসা-যাওয়ার একমাত্র সড়ক। ঠিকাদারকে একাধিকবার তাগিদ দেওয়ার পরও কোনো কর্নপাত করেনি। সড়কটির কাজ না হওয়ার কারণে এ অঞ্চলের জনগণের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গোসাইপুর গ্রামের সাবেক মেম্বার ডা. হুমায়ুন কবীর বলেন, সড়কটি দীর্ঘদিন ধরেই অবহেলিত। বিভিন্ন মানুষজন এ সড়ক ধরেই চলাচল করেন। কিন্তু ভোগান্তির শেষ নেই। নির্মাণ কাজ করতে এসে ঠিকাদার আর কাজ করছেন না। এখন বর্ষাকাল। বৃষ্টি হচ্ছে। মোড়ে মোড়ে ভেঙে মাটি পড়ে যাচ্ছে তিতাস নদীতে। কেউ কেউ পা পিছলে পড়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরাও।
তারা বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের হস্তক্ষেপ দাবী করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, ‘এই সড়কের কাজ বন্ধ থাকার বিষয়টি আমার জানা ছিলো না। আমি এখনই খোঁজখবর নিচ্ছি এবং দ্রুত সময়ে কাজ শুরু করার জন্য ঠিকাদারের সাথে যোগাযোগ করা হবে।’
Posted ৮:৪৮ পিএম | সোমবার, ১৬ জুন ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya