জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 11:52 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রোকেয়া আক্তার নির্বাচনী পোস্টার-ব্যানারে তার প্রয়াত স্বামী আবু মুসা মৃধার ছবি ব্যবহার করছেন। যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি-২০১৬ এর সুস্পষ্ট লঙ্ঘন।
খোঁজ নিয়ে জানা যায়, কালিকচ্ছ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে রোকেয়া আক্তার ছাড়াও আরও ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রোকেয়া আক্তার তার পোস্টার ও লিফলেটে দলীয় প্রতিক নৌকা, দলীয় প্রধান শেখ হাসিনা এবং তার প্রয়াত স্বামী আবু মুছার ছবি ব্যবহার করছেন। আবু মুছা মৃধা ওই ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত প্রায় ৩মাস আগে তিনি মারা গেছেন। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি-২০১৬ এর ৮ধারার ৫ উপধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় প্রার্থী তার ছবি ও প্রতিক ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। তবে রাজনৈতিক দলের প্রার্থী হলে তিনি দলীয় প্রধানের ছবি শুধু ব্যবহার করতে পারবেন।
এই বিষয়ে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রোকেয়া আক্তার বলেন, আমি আমার স্বামীর পরিচয়ে পরিচিত। আমাকে কয়জনই চিনে! আমি কোন দেয়ালে পোস্টার লাগায়নি। আজ থেকে আমি আমার স্বামীর ছবি যুক্ত পোস্টার-লিফলেট আর ব্যবহার করবো না।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, পোস্টার বা লিফলেটে কোন প্রার্থী দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। আচরণবিধি ভঙ্গের বিষয়ে মাঠে ম্যাজিস্ট্রেট কাজ করছেন। যারা বিধি ভঙ্গ করছেন তাদের জরিমানা করা হচ্ছে। কালিকচ্ছের বিষয়টি আমরা ম্যাজিস্ট্রেটদের অবগত করবো।
–এএইচ রাফি/-
Posted ১১:৫২ এএম | শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya