স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 9:59 pm
প্রতারণার আশ্রয় নিয়ে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওরফে কাছম আলীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলার পাকশিমুল এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর বিকেলে আবুল কাশেম-কে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোবারক বলেন, প্রতারণার মামলায় বিজ্ঞ আদালত আবুল কাশেম ওরফে কাছম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সেই প্রেক্ষিতে তাকে আজ (বুধবার) গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাকশিমুল এলাকার বাসিন্দা আবুল কাশেম ও জুলহাস আমিন পাশাপাশি বাড়ির লোক। আবুল কাশেম তার ছেলে মিলন মিয়ার মাধ্যমে জুলহাস আমিনকে সৌদি আরবে পাঠানোর কথা বলে সাড়ে ৫ লাখ টাকা নেন। পরে ভিসা না দিয়ে সকল টাকা আত্মসাৎ করেন আবুল কাশেম। এ ঘটনায় জুলহাস আমিন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে পুলিশ তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আদালত আবুল কাশেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা মূলে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।
Posted ৯:৫৭ পিএম | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya