স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৯ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:43 pm
দেশব্যাপী চলমান গণটিকাদান কর্মসূচির মাঝেই ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা প্রদান বন্ধ রয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে টিকা প্রদান বন্ধ হয়ে যায়। এদিকে দেশব্যাপী চলছে গণটিকাদান কর্মসূচি। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রত্যাশা করছেন, মঙ্গলবার থেকে টিকা প্রদান যথারীতি শুরু হবে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার সকালে করোনা ভাইরাসের টিকার ১৮টি ভায়েল ছিল। প্রতি ভায়েল থেকে দুইজনকে টিকা প্রদান করা যায়। সকাল সাড়ে ১০টার দিকে ভায়েল গুলো শেষ হলে সাময়িকভাবে টিকা প্রদান বন্ধ রয়েছে। এই অবস্থায় টিকা নিতে আসা অনেকেই এসে ফিরে যাচ্ছেন।
সালেহা বেগম নামের এক নারী বলেন, টিকা নিতে ঈদের আগে রেজিষ্ট্রেশন করেছি। কিন্তু ম্যাসেজ এখনো আসেনি। শুনেছি ম্যাসেজ ছাড়াই এখন শুধু রেজিষ্ট্রেশন করলেই টিকা দেওয়া যাবে। এখানে এসব দেখি টিকা প্রদানই বন্ধ রয়েছে।
আরিফুর রহমান নামের এক যুবক জানান, সকাল সকালে এসেছিলাম টিকা নিতে। ৩০/৩৫জনকে টিকা দেওয়ার পর জানানো হলো টিকা শেষ হয়ে গেছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া জানান, সকাল সাড়ে ১০টার থেকে টিকা প্রদান বন্ধ রয়েছে। যাদের টিকা নেওয়ার তারিখ আজকে ছিল, তাদের পরবর্তীতে দেওয়া হবে। নতুন করে টিকা আসলে পুনরায় শুরু হবে টিকা প্রদান।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, আগামীকাল থেকে অক্সফোর্ড এস্ট্রাজেনিকার ডোজ শুরু হবে। সিনো ফার্মার টিকা আসলে আবার প্রদান করা হবে। আজকে টিকা শেষ হয়ে যাওয়ায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান বন্ধ রয়েছে।
Posted ৩:১৫ পিএম | সোমবার, ০৯ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya