স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 4:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে কুদ্দুস মিয়া (৩০) নামে এক যুবক নিহত। এসময় পাঁচজন আহত হয়েছেন। নিহত কুদ্দুস উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে দ্রুত বিচার আইনে করা একটি মামলার আসামি ধরা নিয়ে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে খাগালিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার অমরীদ বেগম (৪২), আলম চাঁন (৪০), অরজিনা বেগম (৩০), হাফিজুর রহমান (২৫), এনাম মিয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে উপজেলার খাগালিয়া এলাকার তৈয়ব আলীর সঙ্গে একই গ্রামের মহিবুল্লা গংদের জমি নিয়ে মামলা হয়েছিল। ২০২০ সালের ২ জানুয়ারি মামলার রায় পায় তৈয়ব আলী। স্থানীয় প্রশাসন জায়গার দখল বুঝিয়ে লাল নিশান টাঙিয়ে দেয়ার পর আসামিপক্ষ আবার জায়গা দখল করে। পরে বাদীপক্ষ গত নভেম্বর মাসের ৩০ তারিখ ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে নাসিরনগর থানায় মামলা করে। মঙ্গলবার মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। মামলার আসামি ধরাকে কেন্দ্র করে বাদীপক্ষের ওপর হামলা চালায় আসামিপক্ষের লোকজন। এতে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় আহত কুদ্দুস মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মামলাও রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৪:৪৩ পিএম | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya