বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 8:08 pm
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া শহর। বুধবার সচেতন ছাত্র সমাজের ব্যানারে দুই ঘন্টাব্যাপী শহরের প্রধান সড়কে মানববন্ধন, বিক্ষোভ ও শ্লোগানে যুক্ত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। এসময় জেলার প্রধান সড়কে বন্ধ হয়ে পড়ে সকল প্রকার যান চলাচল। স্মরণকালের দীর্ঘ এই মানববন্ধনে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সকাল ১০ টায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে শুরু হয় মানববন্ধন ও জমায়েত। সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লা-শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতশত শিক্ষার্থী ধর্ষণ-সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন দাবী-দাওয়া সহ ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচীতে যোগদান করতে থাকে। এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ করে ছোট্র দুই শিশু গালিবা ও লাবিবা। এই যমজ দুইবোনের বয়স চার বছর। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ায়। বিক্ষোভে এসেছে তাদের মামার সাথে। তাদের দুইজনের হাতে ছিল ইংরেজিতে লেখা প্লে- কার্ড। সেই প্লে-কার্ডে লেখা ছিল- ‘I m just 4 but Im not safe, becouse I born As a Women’ অর্থাৎ আমার মাত্র ৪ বছর কিন্তু আমি নিরাপদ নই, কারণ আমি নারী হয়ে জন্মেছি।
বিক্ষোভে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গগনবিদারী শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
মানববন্ধন চলাকালে সচেতন ছাত্র সমাজের পক্ষে নওশাদ জামিল নওশান ও মাহমুদা চৌধুরী পলির সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক ও আবৃত্তিশিল্পি মো. মনির হোসেন, সাংবাদিক সংস্কৃতিকর্মী উজ্জল চক্রবর্তী, কলেজ শিক্ষক সাংবাদিক শাহাদাত হোসেন, জেলা ছাত্রমৈত্রী নেতা মুহয়ী শারদ, অভিভাবক মাইনুল হক চৌধুরী, সাধারণ ছাত্র আমিনুল জুয়েল, কাজী খালিদ মাহমুদ, আতিকুর রহমান রানা প্রমূখ।
সমাবেশে ছাত্র সমাজের পক্ষে এসময় ধর্ষণ বন্ধে ৮ দফা দাবীনামা পেশ করেন। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় তিনি দেশের প্রচলিত আইনে ধর্ষক-নির্যাতনকারীদের কঠোর বিচারের দাবীতে সোচ্চার থাকবেন বলেও ঘোষনা দেন।
রাফি/–
Posted ৬:২৩ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya