স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 3:07 am
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মাটি ভরাটে বাঁধা দেওয়ায় স্থানীয় আওয়ামীলীগ সভাপতিসহ ১০জনকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ই আগস্ট রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল সাত্তারের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিয়ার জায়গায় ফরিদ মিয়া মাটি দিয়ে ভরাটে করতে গেলে বাঁধা প্রদান করা হয়। এসময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে ফরিদ মিয়া দলবল নিয়ে সৈয়দ মিয়ার বাড়িতে হামলা করেন বলে অভিযোগ উঠে। দু’পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়।
এই ঘটনায় সৈয়দ মিয়াসহ তার ছেলে মেহেদী(২১), জাহিদ(১৯), মুজাহিদ(১৮) গুরুতর আহত হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোলাইমান মিয়া বলেন, মেহেদীর বাম চোখে গুরুতর আঘাত পেয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সবাইকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সৈয়দ মিয়া বলেন, তার ছেলে মেহেদীর ঢাকা চক্ষু হাসপাতালে বাম চোখের অস্ত্রোপচার হয়েছে। তার চোখের অস্ত্রোপচার হলেও বাম চোখটি নষ্ট হয়ে গেছে। আহত মেহেদী এখনো ঢাকা চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন যাবত সৈয়দ মিয়ার সাথে ফরিদ মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। গত দুইমাস আগে ফরিদ মিয়া তার চাচাতো ভাই সৈয়দ মিয়ার জায়গায় মাটি ভরাট করেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই সময় সৈয়দ মিয়ার পক্ষের একজনের ধাক্কায় ফরিদ মিয়ার পক্ষের একজন আহত হয়। তখন সৈয়দ মিয়ার বিরুদ্ধে ফরিদ মিয়া বিজয়নগর থানায় একটি মামলা করেন। তারপর গ্রাম্য সালিশে ১লক্ষ ৪০ হাজার টাকা মিমাংসা হয়। পরবর্তীতে গত আগস্ট মাসের ৩ তারিখ আবার দু’পক্ষ মারমারিতে জড়িয়ে পড়েন। দু’পক্ষই থানায় আবার মামলা করেন। থানায় মামলাকে কেন্দ্র করে গত ১৯ই আগস্ট সৈয়দ মিয়ার পক্ষের লোকের উপর হামলা করেন ফরিদ মিয়ার পক্ষ। সৈয়দ মিয়া বাদি হয়ে ফরিদ মিয়ার বিরুদ্ধে মামলা করলেও এখনো কোন আসামী গ্রেফতার হয়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত আসামীদেরকে গ্রেফতার চেষ্টা চলছে। অপরাধী যে কেউ হউক ছাড় পাবে না।
Posted ৩:০৭ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya