বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ১৭ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 8:14 pm
সাময়িক বহিষ্কার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম মিয়াকে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দেওয়া আড়াই হাজার টাকার তালিকায় নিজের ছেলে, ভাই ও বোনসহ ৯জন স্বজনদের নাম অন্তর্ভূক্ত করার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম মিয়াকে নিয়ে জেলায় সমালোচনার সৃষ্টি হয়।
পরে দেশের প্রায় অধিকাংশ গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্তে প্রমাণিত হওয়ায় এই চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এই বিষয়ে বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতি করার অভিযোগের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান ইউপি চেয়ারম্যান আলম মিয়াকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম মিয়ার বিরুদ্ধে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের জন্য মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া আড়াই হাজার টাকার তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে।
ক্ষমতার অপব্যাবহার করে তালিকায় নিজের ছেলে ও আপন ভাইসহ নিকট আত্মীয়দের নাম অন্তর্ভূক্ত করেন তিনি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। পরবর্তীতে অভিযোগ তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন ও কসবা উপজেলা প্রশাসন। ওই দুই কমিটি চেয়ারম্যান আলম মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতি করে ছেলে ও আপন ভাইসহ নয়জন নিকট আত্মীয়ের নাম অন্তর্ভূক্ত করার সত্যতা পায়। এরপর ৮ জুন জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পরবর্তীতে চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করে চিঠি দেন জেলা প্রশাসক।
Posted ৮:১৪ পিএম | বুধবার, ১৭ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya