স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:49 am
কাব্য আক্তার এ্যানি। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি এই অল্প বয়সেই নিজেকে ব্যস্ত রাখেন মানবসেবায়। এগিয়ে এসেছেন অসহায়-হতদরিদ্রের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। হতদরিদ্র কারো খোঁজ পেলেই ছুটে যান খাদ্যসামগ্রী নিয়ে। ৭ম শ্রেনীতে পড়ার সময়ই তিনি সেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন।
তার এই কাজে অর্থনৈতিক ও শারীরিক ভাবে সহযোগিতা করেন আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবরা। তার এই মানবিক কাজে মুগ্ধ হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন ব্যবসায়ী সোহেল খাঁন। সোহেল এ্যানির সম্পর্কে ফুফাতো ভাই। বেশ কিছুদিন আগে সোহেল প্রবাস থেকে ফিরে বাবার ব্যবসা দেখাশোনা করছেন।
মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশেও তারা দাঁড়াতে ভুল করেনি। দুইজনে মিলে উদ্যোগ নেন হতদরিদ্র ও ফুটপাতে আশ্রয় নেওয়া ছিন্নমূলে থাকা মানুষগুলোর জন্য প্রতিদিন দুপুরের খাবার দিবেন তারা। এজন্য তারা নিজের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকে অর্থসংগ্রহ করে কাজে নেমে পড়েন। গত ২এপ্রিল থেকে ফুটপাতে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের দুপুরের খাবার তৈরি করে ভ্যানে করে বিতরণ শুরু করেন। জেলা শহরের কাউতুলী থেকে কুমারশীল মোড়ে সড়কের থাকা প্রায় দেড় থেকে দুইশত হতদরিদ্র মানুষের মাঝে প্রতিদিন খাবার বিতরণ করেন। এই খাবার গুলো তৈরি হয় শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়ে। প্রবাসে থাকায় রান্নার কাজ জানায় খাবার রান্না করেন সোহেল খাঁন।
এরই মাঝে পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাওয়ায় তারা দুপুরের খাবারের পরিবর্তে বিকেল থেকে ইফতার বিতরণ শুরু করেছেন। প্রতিদিন ভ্যান যোগে পিপিই পড়ে রেলওয়ে স্টেশন, মঠের গোড়া, জেলা পরিষদ, লোকনাথ দিঘিরপাড় ও মসজিদ রোডসহ শহরের বিভিন্ন অলি-গলিতে থাকা সুবিধাবঞ্চিত মানুষকে এই ইফতার দেন। ইফতারের মেন্যুতে থাকে বুট, বড়া, মুড়ি, বেগুনি, আলুর চপ, আপেল, মালটা, আনারস ও খেজুর।
এবিষয়ে কাব্য আক্তার এ্যানি বলেন, ভয়াবহ করোনা ভাইরাসের জন্য ছিন্নমূলে থাকা কিছু মানুষ যেন অন্তত একবেলা খেতে পারেন, সে জন্য নিজেরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। খাবার বিতরণ ছাড়াও আমরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিকে প্রায় এক হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। ভাইরাসে থেকে দেশের পরিস্থিতি অনূকূল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখব। ছিন্নমূলের মানুষের পাশে সবার যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা প্রয়োজন।
Posted ৩:৪৯ এএম | শুক্রবার, ০৮ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya