স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:51 pm
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের ঘটনায় সালিশি করে জরিমানা আদায় করে প্রেমিককে ছেড়ে দেওয়া তাসলিমা(১৮) নামের এক যুবতী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের সাতবাড়িয়া এলাকা থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাসলিমা ওই এলাকার মৃত হাকিম মিয়া মেয়ে ও স্থানীয় একটি মহিলা মাদরাসার ছাত্রী। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাকিম মিয়া প্রায় সাড়ে ৭বছর আগে এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। হাকিম মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে তার স্ত্রী। গত আড়াই বছর আগে তার ছেলে মালয়েশিয়া যায় অনেকটা দেনা করে। মেয়ে তাসলিমাকে নিয়ে স্থানীয় সাতবাড়িয়া এলাকায় ছোট একটি জায়গায় গত আড়াই মাস আগে ঘর বেধে বসবাস করে আসছে হাকিম মিয়ার স্ত্রী। সেই সুবাধে পাশের বাড়ির জাকির মিয়ার বাড়িতে আসা যাওয়া ছিল তাসলিমার। সেখানে প্রতিবেশী জাকিরের নিকটাত্মীয় শহরের শিমরাইলকান্দি এলাকার হারুন মিয়ার ছেলে রুবেল মিয়া আসা যাওয়া করতো। এর ফলে রুবেলের সাথে তাসলিমার গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি নজরে আসলে তাসলিমার মা জাকিরের স্ত্রীকে একাধিকবার জানিয়েছে। কিন্তু তাকে কেউ কর্ণপাত করেননি। রুবেলের পিতা এই সম্পর্কের বিষয়ে জানতে পেরে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে তাসলিমা ও রুবেল নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নেন। দুইজন পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাদের আটক করে। বিষয়টি নিয়ে সালিসি সভা করে মিমাংসা করতে প্রস্তাব দেয় স্থানীয় কয়েকজন সর্দার। একাধিক বার সালিসি সভা করে মিমাংসা করতে পারেননি তারা। শনিবার রুবেল ওই এলাকায় আসলে তাকে আটক করে সদর উপজেলার এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে কয়েকজন। পরে সালিসি সভায় স্থানীয় সর্দার খসরু মোল্লা ও আতিকুর রহমান মোল্লা (আব্দু) সহ কয়েকজন বসে তাসলিমার জন্য রুবেলকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ তাৎক্ষনিক আনিয়ে আদায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই টাকা সেই সর্দাররা তাসলিমার পরিবারকে না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেন।
এই ক্ষোভে শনিবার রাতে নিজের বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তাসলিমা। পর দিন সকালে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তাসলিমার খালু শফিকুল ইসলাম বলেন, শনিবার ছেলেটিকে স্থানীয়রা আটক করলে আমাকে খবর দেওয়া হয়। এসময় আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করি। সেখান থেকে থানায় অভিযোগ করতে গেলে আমাকে কয়েকজন ফোন করে বলেন, থানার প্রয়োজন নেই আমাকে ফোন দিয়ে বলা হয় নিজেরাই বসে মিমাংসা করবেন। এসময় ওইখানে সাবেক মেম্বার খসরু মোল্লা সহ কয়েকজন উপস্থিত ছিলেন। তারপর আমি রাগে ওইখানে না গিয়ে নিজের বাড়িতে চলে যাই।
এবিষয়ে স্থানীয় সাবেক মেম্বার খসরু মোল্লা বলেন, ওই ছেলের বাবা এসে বলেছিল তার ছেলেকে খোঁজে পাননা। গুমের মামলা দিবেন তিনি। শনিবার ওই ছেলে এলাকায় আসলে তাকে আটক করে তার বাবাকে ফোন দেওয়া হয় কিন্তু তিনি আসবেন না বলে জানান। কেউ তাকে নিতে না আসায় শনিবার আসরের দিকে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজি খাইরুল আমাকে ফোন দিয়ে জিজ্ঞাস করেন ছেলেটির বিষয়ে এখন কি করণীয়। পরে খায়রুল ছেলেটিকে তার খালার বাড়িতে বুঝিয়ে দিয়ে আসে। এখানে সালিশের কিছু হয়নি।
অপর অভিযুক্ত আতিকুর রহমান মোল্লা (আব্দু) বলেন, খবর পেয়ে আমি সেখানে যাই। ছেলেটিকে কেউ নিতে না আসায় তার খালাম্মার কাছে পৌছে দেওয়া হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সুমন জানান, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানতে পেরেছি, গতকাল (শনিবার) বিষয়টি নিয়ে সালিসি সভা করে তার প্রেমিকের পরিবার থেকে ৫০হাজার টাকা আদায় করে সর্দাররা দেননি তাসলিমার পরিবারকে। সকালে আত্মহত্যার খবর পেয়ে সর্দাররা ওই টাকা নিয়ে তাসলিমার পরিবারের কাছে যায়, কিন্তু তাসলিমার মা সেই টাকা রাখেননি বলে জানা গেছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে বিকেলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে মামলা দিলে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।
Posted ৩:৫১ পিএম | সোমবার, ০৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya