বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০৩ মে ২০২০
সর্বশেষ আপডেট : 9:30 pm
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের পাদুর্ভাবে সারাবিশ্বের জনজীবন যাত্রা অনেকটা থমকে গেছে। বাংলাদেশেও এই ভাইরাসের সচেতনতায় সরকার লকডাউন ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনের পাশাপাশি মাহে রমজান মাস এসে পড়ায় জনজীবন অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ফলে খেটে খাওয়া কর্মজীবী মানুষ আয় বঞ্চিত হয়ে পরিবার নিয়ে দুমুঠো খাদ্যের অভাবে কষ্টে জীবন যাপন করছে। আর হতদরিদ্র মানুষ অসহায় হয়ে পড়েছে। ফুটপাতে থাকা মানুষ গুলোও খাদ্যের অভাবে দিনযাপন করছে। এসব মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে কিছু সংগঠন। ব্রাহ্মণবাড়িয়ার এমনই একটি সংগঠন ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’।
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ ফেসবুকভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এক ঝাঁক তরুণ-তরুণী শিক্ষার্থী নিয়ে নিজেদের শহরকে পরিচ্ছন্ন রাখতে বেশ কয়েকবছর যাবত কাজ করে যাচ্ছে। জেলা শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত কর্মসূচি পালনের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতাবোধ তৈরিতে কাজ করছে সংগঠনটি। এছাড়া সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। এবারও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইফতার নিয়ে হাজির হচ্ছেন সংগঠনের সদস্যরা। গত বছরও এই কার্যক্রম হাতে নিয়েছিল সংগঠনটি। সংগঠনের সদস্য ও দাতাদের চাঁদার টাকায় প্রতিদিন দেড়শতাধিক ফুটপাত ও ছিন্নমূল মানুষকে করাচ্ছে ইফতার।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, রমজানের প্রথম দিন থেকেই প্রতিদিন দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন তারা। জেলা শহরের বিভিন্ন এলাকায় ভ্যানগাড়ি দিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানের ৯দিন পর্যন্ত তারা ১৩৫০জন ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে তৈরি ইফতার প্যাকেট বিতরণ করেছেন। ইফতারের মধ্যে থাকে ছোলা বুট, মুড়ি,খেজুর, পিয়াজু, আলুর চপ ও বেগুনী। এছাড়া মাঝে দেওয়া হয়েছে মুরগী ও পোলাও বিতরণ করা হয়েছে।
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক বলেন, সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সুবিধাবঞ্চিতদের ইফতার করাচ্ছি। প্রতিদিন ইফতারের আগমুহূর্তে আমাদের সদস্যরা সুবিধাবঞ্চিতদের কাছে হাজির হন ইফতারের প্যাকেট নিয়ে। তাদের সঙ্গে আমাদের সদস্যরাও ইফতার করেন। আমাদের এই কার্যক্রম পুরো রোজার মাসজুড়ে চলবে।
রোববারও প্রতিদিনের মতো মসজিদ রোড, কালীবাড়ি, ফকিরেরপুল ও রেলস্টেশন সহ অটোরিকশা দিয়ে বিভিন্ন গলিতে অবস্থানরত মানুষদের ইফতার বিতরণ করা হয়েছে। এসময় ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র মডারেটর সাব্বির, সদস্য সজিব, সাকিব, রাশেদ ও মনির উপস্থিত ছিলেন।
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনটি ২০১৭ সালে যাত্রা শুরু করে। ইতোমধ্যে জনকল্যাণমুখী নানা উদ্যোগ নিয়ে সাড়া জাগিয়েছে সংগঠনটি। ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্ন শহর গঠনে ভূমিকা রাখতে প্রজেক্ট পরিচ্ছন্ন শিক্ষাঙ্গণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ‘গ্রিন ব্রাহ্মণবাড়িয়া’ নামেও একটি প্রজেক্ট চালু করেছে সংগঠনটি। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ করেছে ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’।
আবুল হাসনাত মোঃ রাফি//
Posted ৯:২৬ পিএম | রবিবার, ০৩ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya