স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 6:26 pm
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে ধরা খেল চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের ৬জন সদস্য। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই মোটরসাইকেল। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৬সদস্যকে গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, জেলা শহরের পুনিয়াউট এলাকার সাঈদ মিয়ার ছেলে মুসা (২৫), একই এলাকার দানু খাঁর ছেলে নাদিম খান (২২), উলচাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ কামাল হোসেন (২৮), নয়নপুর গ্রামের তোফাজ্জল খাঁনের ছেলে ইফরাত খান হৃদয় (২০), কসবা উপজেলার খেওড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আরিফুর রহমান (২৪) ও আখাউড়া উপজেলার বনগজ এলাকার ইউনুস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জনি (২৫)।
পরে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প দুপুর পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি মোটরসাইকেল চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া’সহ আশেপাশের জেলাগুলো হতে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত চোরাই চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ লাইনের পার্শ্বে পীরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল গুলোসহ তাদের আটক করা হয়।
৪টি চোরাইকৃত রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেলের মধ্যে ১টি পালসার ও ৩টি এ্যাপাচি মডেল রয়েছে। আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৬:২৬ পিএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya