ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন বলে জানিয়েছেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলার রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ভারত সীমান্তবর্তী আখাউড়া ও বিজয়নগর উপজেলায় সীমান্ত লাগোয়া পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বেজ ক্যাম্প স্থাপন করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি অধিনায়ক জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলকায় পূজা উদযাপন নিয়ে কোনো হুমকি নেই। তবুও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর আছেন। নির্বিঘ্নে পূজা উদযাপনে আমরা কাজ করে যাব। পূজা উপলক্ষে করা বিজিবির বেজ ক্যাম্পগুলো থেকে প্রতিদিন চারটি করে টহল দল প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি আরও বলেন, আখাউড়া এবং বিজয়নগর সীমান্তে ৩৮টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় প্রধান দায়িত্বে আছেন বিজিবি সদস্যরা। এর পাশাপাশি হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর এলাকাও ২৫ বিজিবির অধীনে। ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মণ্ডপগুলোতে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া এসব এলাকার বাসিন্দাদের মধ্যে চমৎকার মেলবন্ধন থাকায় কোনো নিরাপত্তা ঝুঁকিও নেই।
এ সময় বিজিবি অধিনায়কের সঙ্গে শ্রী শ্রী রাধামাধব আখড়ার সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জুটন বনিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিজিবি অধিনকয়ক জাব্বার আহমেদ সীমান্তবর্তী অন্যান্য পূজা মণ্ডপ পরিদর্শনে যান।