নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৮ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : 1:20 pm

সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মধট দ্বিতীয় দিনের মতো চলছে। আজ সোমবার (২৮ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছেন অটোরিকশা মালিক ও চালকরা। দ্বিতীয় দিনের মতো অটোরিকশা চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে গত শনিবার (২৬ জুলাই) জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির জরুরি বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়৷ সড়কে ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানির পাশাপাশি অটোরিকশা আটক এবং ছাড়ানোর জন্য মোটা অংকের টাকা দাবির প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়া হয় বলে জনান সংশ্লিষ্টরা।
এদিকে, ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে জেলার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকে কোনো অটোরিকশা চলছে না। চালক ও মালিকরা স্ট্যান্ডে বসে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বাধা দিচ্ছেন অটোরিকশা চালক ও মালিকরা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। এছাড়া ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ করেন যাত্রীরা।
জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল করিম জানান, দীর্ঘদিন ধরে অটোরিকশার লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে। এ সুযোগে পুলিশ প্রতিনিয়ত গাড়ি আটকে হয়রানি করে। গাড়ি ছাড়ানোর জন্য মোটা অংকের টাকা দাবি করে ট্রাফিক পুলিশ। এ নিয়ে অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ সব কারণে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
Posted ১:১৮ পিএম | সোমবার, ২৮ জুলাই ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya