সরাইল সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২৩ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 9:56 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধন মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধন মিয়া জাহাঙ্গীরপাড়ার মোঃ বজলু মিয়ার ছেলে।
নিহতের ধন মিয়ার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার রাতে ঝড়ে জাহাঙ্গীরপাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের তার ছিড়ে ও একটি গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাতেই স্থানীয়রা বিষয়টি বিদ্যুৎ কর্মীদের অবগত করেছিলেন। ভোররাতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়। সকালে গাছের ডাল পড়ে থাকতে দেখে কৃষক ধন মিয়া এটি সরাতে গেলে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ধন মিয়া পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি তাকে হারিয়ে দুই ছেলে, এক মেয়ে ও তার অসহায় স্ত্রী একেবারে ভেঙ্গে পড়েছেন।
তবে এ ঘটনার পর দুপুর পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কেউ আসেননি। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন৷
সরাইল বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জানান, বিষয়টি তাকে কেউই জানায়নি। তাছাড়া শুক্রবার রাতের ঝড়ে এলাকার বেশকয়েকটি খুঁটির তার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এসব মেরামতের পর রাতেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। বিষয়টি তিনি খোঁজখবর নিবেন বলে জানান প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন ।
Posted ৯:৫৬ পিএম | শনিবার, ২৩ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya