স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৭ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক নারী আধা ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে গণটিকা প্রদান ক্যাম্পেইন চলাকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দুই টিকা প্রদান করা রোজিনা বেগম (৩৮) নামের ওই নারী উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।
ভুক্তভোগী রোজিনা বেগমের স্বামী মুসলিম সাংবাদিকদের জানান, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে শনিবার (৭আগষ্ট) থেকে। দুপুরের দিকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন রোজিনা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নেন তিনি। এরপর টিকাকার্ডের জন্য রোজীনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন। প্রায়ে আধা ঘণ্টা পর টিকাদানকর্মী আফরিন সুলতানা এসে আবারও রোজিনাকে টিকা দেন। দুই ডোজ টিকা নেওয়ার পর এখনও পর্যন্ত রোজিনার শারীরিক কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা সেই দুশ্চিন্তায় আছেন মুসলিম।
বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া অন্নদা উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে যান।
এ বিষয়ে ডা. নোমান মিয়া বলেন, প্রথমে একবার টিকা নিয়ে রোজিনা চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন তিনি টিকা কার্ড ফেলে গেছেন। তখন টিকাদানকর্মী আফরিন তাকে টিকা নিয়েছেন কিনা? জিজ্ঞেস করলে রোজিনা বলেন তিনি টিকা নেননি। সেজন্য ওই নারীকে টিকাদানকর্মী টিকা দেন। টিকা নেওয়ার পর ওই নারী চলে যাওয়ায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন।
Posted ৮:২৬ পিএম | শনিবার, ০৭ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya