স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 10:09 pm
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শুধু অরুয়াইল ইউনিয়নেই ৮০ জন নারী গ্রহণ করলেন অস্থায়ী দীর্ঘ মেয়াদী জন্মনিরোধ পদ্ধতি। কেউ ৩ বছর, কেউ ১০ বছর।
সোমবার অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই জন্মনিরোধ পদ্ধতি সার্জারীর মাধ্যমে স্থাপন করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অরুয়াইল ইউনিয়নে ৭২ জন নারীকে ডা. কামরুল হাসান ইমন নিমি সার্জারীর মাধ্যমে চামড়ার নীচে ইমপ্লান্ট বসিয়ে দেন। ফলে আগামী ৩ বছর তারা আর গর্ভধারণ করতে পারবেন না। সেখানে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না আক্তার ৮ জন নারীর জরায়ুতে বসিয়ে দিয়েছেন আই ইউ ডি (ইন্ট্রা ইউটেরিন ডিভাইস)। দীর্ঘ মেয়াদী এ পদ্ধতি স্থাপনের ফলে আগামী ১০ বছর তারা গর্ভধারণ করবেন না।
ইমপ্লান্ট পদ্ধতি গ্রহণকারী পপি রাণী রায় জানান, ইমপ্লান্ট নিতে কোন সমস্যা হয়নি। তবে স্থাপনের সময় সামান্য ব্যাথা পেয়েছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া বলেন, সেবা ও সপ্তাহ উপলক্ষে অরুয়াইলের ৮০ জন নারীসহ গত তিন দিনে সমগ্র উপজেলায় মোট ১৫০ জন নারীকে দীর্ঘ মেয়াদী জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। বাকী ৩ দিনে আরো ১৫০ জনকে এ পদ্ধতির আওতায় আনার টার্গেট রয়েছে।
Posted ১০:০৯ পিএম | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya