ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 9:38 pm

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশি নাগরিকদের মধ্যে একজন নারী রয়েছেন।

ওই নারী পাঁচ বছরের এক শিশুসন্তান ফেলে ৯ মাস আগে কাজের সন্ধানে ভারতে গিয়ে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। অন্যরাও একই উদ্দেশ্যে ভারতে গিয়ে আটক হন বলে দেশে ফিরে গণমাধ্যমকে জানিয়েছেন।

দুপুর ২টার দিকে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের দূতালয় প্রধান মো. আলমাস হোসেন ও সহকারী হাইকমিশনের কর্মকর্তা ওমর শরীফ ওই ১১ জন নাগরিককে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে নিয়ে আসেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলামের কাছে তাদের সোপর্দ করা হয়।

দেশে ফেরা ১১ বাংলাদেশির মধ্যে রয়েছেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফারজানা আহমেদ নিপা, ফেনীর পরশুরাম উপজেলার ইব্রাহীম মজুমদার, বাগেরহাটের শরণখোলার হেলাল জমাদ্দার, রাজশাহীর বাঘা উপজেলার আকরামুল ইসলাম অনিক, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, একই এলাকার রুহুল শেখ, আশ্রাফুল হক, সুমন রানা, বাহারুল ইসলাম, মামুন আলী ও রুহুল আমীন।

এ সময় আখাউড়া-আগরতলা সীমান্তের নোম্যান্সল্যান্ড আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুস সাত্তার, আখাউড়া স্থলবন্দর বিজিবি কোম্পানি কমান্ডার মো. মোখলেছুর রহমান ছাড়াও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ১১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরে পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

The Daily Sarod |