স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:06 pm
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক ভাবে করোনা সনাক্ত করতে এন্টিজেন পরীক্ষার শুরু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা থেকে অনলাইনে এই পরীক্ষার উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি আরও ৯টি জেলার এন্টিজেন প্রাথমিক ভাবে পরীক্ষার উদ্বোধন করা হয়। অনলাইনে মন্ত্রী জাহিদ মালেক ছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।
শীতে বাড়তে পারে করোনার প্রকোপ। করোনার দ্বিতীয় ধাপের প্রকোপ রোধে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে করোনা আক্রান্ত সনাক্তে দেশের ১০টি জেলায় এন্টিজেন্ট টেস্টের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, সর্দি, কাশি উপসর্গ থাকলে প্রাথমিক ভাবে এন্টিজেন্ট টেস্ট করতে হবে। ফলাফল পজিটিভ আসলে অথবা উপসর্গ থাকার পরও ফলাফল নেগেটিভ আসলে আরটিপিসিআর পরীক্ষা করা হবে। শনিবার দুপুর থেকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এই টেস্ট শুরু হয়েছে। দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্পের আওতায় করোনা নির্ণয়ে প্রাথমিক এই পরীক্ষা শুরু হচ্ছে।
আরটিপিসিআর পরীক্ষাগার নেই এমন জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। পরীক্ষার জন্য প্রথমে রোগীকে একশত টাকা ফি দিতে হবে। এন্টিজেন্ট পরীক্ষায় পজেটিভ আসলে রোগীকে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। নেগেটিভ আসলে পিসিআর এর মাধ্যমে করোনা পরীক্ষার প্রয়োজন পড়বে।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানিয়েছেন, আমাদের ইতিমধ্যে তিনজন এই সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন। হাসপাতালে ৫শতাধিক কিট আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Posted ২:৪১ পিএম | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya