স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০১ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 8:28 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের অবদানকে সম্মান জানানোর জন্য প্রতিবছরের মতো ১ মার্চ দিনটি দেশব্যাপী পুলিশ মেমোরিয়াল ডে হিসেবে পালন করা হয়।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন বলেন, কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে অসম সাহসী ভূমিকা পালনকারী শহীদ পুলিশ সদস্যের অনুপম ত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা হৃদয়ের গভীরে লালন করি।
পুলিশ কঠোর পরিশ্রম করে বলেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের পরিবারের কল্যাণ দেখা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শহীদ পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ৮:২৮ পিএম | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya