স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:24 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এক বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে দিদার আলম (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে তাকে জেলা শহরের কাউতলির নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। দিদার ওই এলাকার মো. সেলিম মিয়ার ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিতে গ্যাসের লাইন চেক করার কথা বলে দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশি তদন্তে এই ঘটনায় সাথে দিদারের জড়িত থাকার প্রমাণ পায় সদর মডেল থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
এবিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজি খায়রুল আলম বলেন, দিদারকে সদর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি করা হয়। তবে সে বিবাহিত থাকার তথ্য গোপন করায় পর দিনই তাকে বহিষ্কার করা হয়। তার সাথে ছাত্রলীগের কোন সংশ্লিষ্টতা নেই।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ডাকাতির সাথে দিদারের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ পাওয়া তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটন হবে বলে প্রত্যাশা করছি।
উল্লেখ্য,গত ৯ ডিসেম্বর জেলা শহরের কাউতলি এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে অস্ত্রের মুখে হানাদের ডাকাত দল। এসময় বাড়ির ২২ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতের দল।
Posted ৮:২৪ পিএম | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya