স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 1:00 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় আইসোলেশন সংকট দেখা দিয়েছে। বুধবার বিকেল পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী এই জেলায় মোট ৩২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবারই ১৩জন আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। এতে করে আক্রান্ত রোগীদের রাখার ব্যবস্থার সংকট দেখা দিয়েছে।
এর ফলে জেলা স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে আখাউড়ায় একই পরিবারের ৪জন রয়েছে। ওই পরিবারের সদস্যরা জানান, করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট আসার পর চিকিৎসক দল যায় তাদের বাসায়। কিন্তু তাদের মধ্যে দুইজন আইসোলেশনে নিয়ে আসছে। বাকী দুইজনকে বাড়িতে রেখে আসা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনের জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে দেওয়ার ঘোষণা দেওয়ার পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। বিষয়টি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ বলেন, আমার হাসপাতালের ১০০টি বেড আইসোলেশনের জন্য উন্মুক্ত করে দিয়েছি। সংশ্লিষ্টরা এসে পরিদর্শন করে গেছেন। কিন্তু এখানে আইসোলেশন সেন্টার চালু করতে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি আরও বলেন, একটি প্রাথমিক আইসোলেশন সেন্টার চালু করতে বেড, বিছানা, বালিশ, অক্সিজেন, নেব্যুলেইজার ও পালস্ অপটিমিটার প্রয়োজন। আমার হাসপাতালে ১০০বেডে এ সকল সুবিধা রয়েছে। বুঝতে পারছিনা কেন আইসোলেশন সেন্টারটি চালু করা হচ্ছে না।
ডা. আবু সাঈদ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যদি এই ব্যবস্থা করা হয়, তাহলে বিষয়টি ভাল হবে না। কারণ সদর হাসপাতাল একটি জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায়।
২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশনের সমন্বয়কারী ডা. একরামুর রেজা টিপু বলেন, এখানে বর্তমানে ১৪ জন আইসোলেশনে আছেন। ওই হাসপাতালে মোট ২৫টি বেড আছে। কিন্তু এখানে করোনা আক্রান্ত রোগীদের নূন্যতম দূরত্ব বজায় করে রাখায় ১৫/১৬জনের বেশি আইসোলেশনে রাখা যাবে না। বাকী রোগীদের আলাদা ব্যবস্থা করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, কিছু সমস্যা সব জায়গায় থাকে। তবে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছাড়াও অন্য কোথাও আইসোলেশন বেড এর ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জেলা সদর হাসপাতালকে করোনা হাসপাতালে করতে ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তা চালু হলে সমস্যা কিছুটা কমে আসবে বলে আশা করছি।
Posted ১০:৫১ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya