নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 11:42 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সালিস বৈঠক চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। আহত হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, তূর্য দাস (১৩) ও আঁখি (১৯)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান উল্লাহ হাসানকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে শহরের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতদের স্বজনদের নিয়ে সালিস বৈঠক বসে পাইকপাড়া এলাকায় হুমায়ূন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে। সালিস শুরুর কিছুক্ষণ পরই স্কুলে ছাদের উপরের অংশে থাকা ১০ ইঞ্চির একটি দেয়াল ধসে পড়ে। এতে ওই তিনজন আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন জানান, দেয়ালটি উত্তরপূর্ব দিকে ধসে পড়ে। এতে তিনজন দেয়ালের নিচে চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সাবেক কাউন্সিলর হাসানকে ঢাকায় পাঠানো হয়। দেয়াল ধসের ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:৪১ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya