নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট : ৮:৪১ অপরাহ্ণ
ব্রাহ্মবাড়িয়ায় দর্শকপ্রিয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শন না করতে ফেসবুকে প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন আয়োজকরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শনিবার (৩০ মে) বিকেল ৩টায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শনীর আয়োজন করেছিল জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তবে কওমী শিক্ষার্থীরা সিনেমাটি প্রদর্শন না করার বিষয়ে ফেসবুকে নানা পোস্ট করছেন বলে অভিযোগ উঠেছে। তবে আয়োজকরা সিনেমা প্রদর্শনীর জন্য অনুমতি পাওয়ার কথা বললেও বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয়নি বলে দাবি করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তওজা খন্দকার জানান, গত ২৫ মে পরিচালক তানিম নূরের সঙ্গে আলোচনা করে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি প্রদর্শনের অনুমতি নেয়া হয়। পরবর্তীতে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির সদস্যরা দেখা করে বিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শনের অনুমতি নেন। কিন্তু হঠাৎ করে ছবিটির প্রদর্শনীর বন্ধের জন্য কওমী ছাত্র ঐক্য পরিষদের সদস্যরা ফেসবুকে বিভিন্ন পোস্ট শুরু করেন। এর ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনের অনুমতি বাতিল করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদ নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ নিজের ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে একটি পোস্টে লিখেন, ‘ব্রাহ্মণবাড়িয়া আলেম-ওলামার শহর। এই শহরে আল্লামা ফখরে বাঙ্গাল (রহ.) একসময় সিনেমা বন্ধ করে গিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু কুচক্রি মহল আবারও শহরে সিনাম চালু করার উপচেষ্টায় লিপ্ত। সাধারণ ছাত্রসমাজ ও সচেতন জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি, যাতে ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ন থাকে’।
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উপদেষ্টা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাইমিনুল আজবীন বলেন, ‘আমরা যেভাবেই হোক প্রদর্শন করতে চাই। আলোচনা করে একটা সমাধানের পথ বের করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম বলেন, এমন একটি সংবাদ আমার কানে এসেছে। আমি ছাত্রদের ডেকেছি। তারা কী বলে শুনি। ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীতে আপনাদের দল থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আগে ছাত্ররা আসুক, তারা কী বলে শুনি। তারপর মন্তব্য করতে পারব।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমা প্রদর্শনীর অনুমতি দেয়া হয়নি জানিয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন, সিনেমা প্রদর্শনীর অনুমতির জন্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। কিন্তু আমি অনুমতি দেইনি। যেহেতু ঈদের পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলন হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমা প্রদর্শনীর অনুমতি দেয়ার প্রশ্নই উঠে না।

Posted ৮:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya