ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১১ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 2:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে চলমান দুই উন্নয়ন প্রকল্প কাজে ধীরগতি ও দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্ট খানাখন্দের কারণে মহাসড়কটির ২৫ কিলোমিটার অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে বিজয়নগর উপজেলার রামপুর পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। এ অবস্থায় যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটির কাজ শুরু হয় ২০২০ সালে। এর প্রকল্পের ১৫ কিলোমিটার পড়েছে ঢাকা-সিলেট মহাসড়ক অংশে। তবে প্রকল্প কাজের কারণে দীর্ঘদিন ধরে মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ চালাতে না পারায় বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে৷ এছাড়া একই মহাসড়কে চলমান ছয়লেন প্রকল্প কাজের জন্য মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে ভোগান্তি আরও বাড়ছে।

এ অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে আশুগঞ্জ গোলচত্বরে যানজট তৈরি হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিজয়নগরের রামপুর পর্যন্ত। ফলে আশুগঞ্জ থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ৫-৭ ঘণ্টা। এতে করে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, সড়কের খানাখন্দের কারণে উল্টো পথে যানবাহন চলাচলের কারণে যাজনট নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এছাড়া মহাসড়কে যানবাহনের বাড়তি চাপও যাজটের অন্যতম কারণ। তবে যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

Posted ২:৫১ পিএম | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

The Daily Sarod |