স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:25 pm
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অপপ্রচারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টায় জেলা শহরের ফারুকী পার্কে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্যে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শফিউল আযম।
জেলা ও দায়রা জজ শফিউল আযম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, জেলা জজ হিসেবে নয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর কারণেই আমরা এখন সরকারি চাকরি করছি। এক সরকার আসবে আরেক সরকার যাবে। সরকারে বিষয়ে মতামত থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর বিষয়ে দ্বিমত করার সুযোগ নেই।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন একরাম উল্লাহ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদ, সমাজ সেবার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক পল্লব চক্রবর্তী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
সমাবেশে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ৭:২৫ পিএম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya