স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৮ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 9:00 pm
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের নিয়ে মানহানিকর মন্তব্য এবং স্ট্যাটাসের করার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে। মানহানিকর ভিডিও প্রচার ও স্ট্যাটাস দেওয়ার অভিযোগে লিটন হোসাইন জিহাদ ও আর জে সাখাওয়াত (শাহিন) নামের দুই যুবককে আসামী করে এই মামলা দায়ের করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী বাদী হয়ে মঙ্গলবার (৭ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ‘আসামীরা নাম মাত্র সাংবাদিক। সাংবাদিকতার পরিচয়ে প্রতারণা করা তাদের নেশা ও পেশা। গত ১৬ জুন লিটন হোসাইন জিহাদ তার ফেইসবুক আইডিতে লিখেন, “পথিক টিভির সমালোচনাকারী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সেই সকল সদস্যদের প্রতি আমার ঘৃণা। তাদের জন্ম পরিচয় নিয়ে আমার সন্দেহ আছে। তাই সমালোচনাকারীদের জন্মের ইতিহাস নিয়ে তৈরি করা পথিক টিভির সেই দুটি ভিডিও দেখতে পারেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে”।
একই দিন মঙ্গলবার দুপুরে লিটন আবার তার ফেইসবুকের স্ট্যাটাসে লিখেন, “লোকগুলোকে চিনে থাকলে নিচে কমেন্ট করুন। আপনি তথ্য দিন। পথিক টিভিকে কেন্দ্র করে যারা বাজে পোষ্ট দিচ্ছে তাদের জীবন আচার নিয়ে আগামীকাল লাইভে আসবো। রোমাঞ্চকর স্টোরি শুনাবো সবাইকে”। (এছাড়াও আরো অনেক অশ্রাব্য কথা-বার্তা)।
এরপর ১৭ জুন ২ নং আসামী সাখাওয়াত ১নং আসামী লিটনের প্ররোচনা ও সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যদের উদ্দেশ্য করে পথিক টিভি নামের একটি পেইজে ২নং আসামী একটি ভিডিও প্রকাশ করেন যেখানে বলা হয়, “সাংবাদিক লেবাসধারীরা পথিক টিভির অফিস ঝাড়ু দিতো। তারা এই শহরের নর্দমা বা বস্তি থেকে উঠে আসা কিছু মানুষ ইত্যাদি বক্তব্য প্রধান করে।”
এজাহারে আরও বলা হয়, আসামীদের এমন বক্তব্য ও স্ট্যাটাস বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় বা শ্রেণীর মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
মামলা বাদী সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী বলেন, আমরা সবসময় অপসাংবাদিকতার বিরুদ্ধে ছিলাম এবং থাকবো। তবে যে কেউ সঠিক সাংবাদিকতা করলে আমরা তাদের স্বাগত জানাব।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:১৮ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya