আখাউড়া উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 7:12 pm
কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উঠে গেছে স্থলবন্দর এলাকায়। এতে ঘরবাড়ি তলিয়ে যাওয়াসহ সবজি ক্ষেত, পুকুর, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি পাত হচ্ছে।
ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী নিন্ম এলাকায় আকস্মিক পানি বাড়তে শুরু করে। স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল দিয়ে রবিবার সকাল থেকে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। এতে করে দক্ষিণ ইউনিনের আখাউড়া-আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুরসহ কয়েকটি গ্রাম ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানির তোড়ে উপজেলা পরিষদের সামনের সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে বন্দরের আশপাশে পানি বাড়তে থাকে। পানি যেভাবে বাড়ছে এতে করে আখাউড়া-আগরতলা সড়ক পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে। পানিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
Posted ৭:১২ পিএম | রবিবার, ০১ জুন ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya