নাসিরনগর সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দোকানের সামনে একটি কলেজের সীমানা প্রাচীর দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সীমানা প্রাচীরটি ভেঙ্গে দোকানে যাতায়াতের সুবিধা করে দেয়ার দাবিতে গতকাল শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আধুনিক হাসপাতালের কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কুলিকুন্ডা গ্রামের মো. ছোয়াব রাজা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নাসিরনগর মৌজার সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক সংলগ্ন পূর্ব দিকে তিনিসহ বুড়িশ্বর গ্রামের মো. শাহ আলম চৌধুরী, আশুরাইল গ্রামের মো. ছানাউল হক ও সদরের দুলাল দেবের ব্যক্তি মালিকানায় ২৫৯৫ দাগের ছয় শতক ও ২৫৯৮ দাগে ১৫ শতক জমি রয়েছে। সেখানে একটি দোতলা ভবনও রয়েছে যাতে কয়েকটি দোকান আছে। নাসিরনগর ডিগ্রী কলেজের কর্তৃপক্ষ ওই জমির সামনে সড়ক ঘেঁষে সীমানা প্রাচীর দিয়েছে। এতে করে দোকানগুলো প্রাচীরের ভেতরে চলে আসায় সড়ক থেকে যাওয়া-আসার কোনো রাস্তা নেই। তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধিগ্রহণ করা জায়গায় এ সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। সীমানা প্রাচীরটি ভাঙ্গার জন্য প্রায় তিন বছর আগে সওজ কর্তৃপক্ষ চিঠি পাঠালেও কলেজ সংশ্লিষ্টরা কর্ণপাত করেন নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি। নাসিরনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন গতকাল শনিবার বিকেলে বলেন, ‘প্রায় চার বছর আগে এ সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কিন্তু তখন কেউ বাধা দেয় নি। সীমানা প্রাচীরের ভেতর কোনো দোকান আছে কি-না আমার জানা নেই। সংবাদ সম্মেলনের বিষয়েও আমি জানি না।’
Posted ৯:৩০ পিএম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya