নাসিরনগর সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ২৪ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 9:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই ব্যবসায়ীর টাকা দেনা পাওনার জেরে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ঘন্টা ব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে । এই ঘটনায় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮২ রাউন্ড রাবার বুলেটের চালিয়েছে পুলিশ।
উপজেলার আশুরাইল গ্রামের হাজি সামসুল হক ও কাজল নাসিরনগর সদরের বাজারে ব্যবসা করেন। হাজি সামসুল হক মুদি মালের পাশাপাশি সারের ডিলার ও কাজল সরিষার তেলের ঘানির ব্যবসা করেন। গতকাল শনিবার বিকেলে তাদের মধ্যে একটি দেনা পাওনাকে কেন্দ্র করে তর্কবিতর্কের পর উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সাথে কথা বলার পর আজ রোববার থানায় সালিশ করে বিষয়টি মিমাংসার কথা ছিল।
শনিবারের ঘটনার জেরে আজ রোববার সকালে তাদের নিজ গ্রাম আশুরাইলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় প্রায় চার ঘন্টা সংঘর্ষ চলে। পুলিশ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। সংঘর্ষে প্রায় ২০জন আহত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৯:০৬ পিএম | রবিবার, ২৪ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya