স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 5:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটুনির অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী আকবরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।
সাবেক ইউপি সদস্য ফারুক আহমেদ তার অভিযোগে লিখেছেন, তিনি ইউপি সদস্য থাকাকালে নানান বিষয় নিয়ে চেয়ারম্যান আলী আকবরের সাথে মতবিরোধ ছিল। এই বিরোধের জেরে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল। গতকাল সোমবার (৫ এপ্রিল) জরুরী কথা আছে বলে ইউনিয়ন পরিষদে ফারুক মিয়াকে ডেকে নেন চেয়ারম্যান। সেখানে চেয়ারম্যান আলী আকবর নানান অশালীন মন্তব্য করলে ফারুক এর প্রতিবাদ করে। অশালীন মন্তব্যের প্রতিবাদ করলে চেয়ারম্যান এলোপাতাড়ি, চর, থাপ্পড় মারতে থাকে। সেখানে উপস্থিত লোকজন তাকে রক্ষা করে।
তবে অভিযুক্ত রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মারধোরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা এই ষড়যন্ত্র করছে’।
এই বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কোন সমস্যা নেই, এটা শুধু সাবেক মেম্বার ও বর্তমান চেয়ারম্যানের মাঝে ভুল বুঝাবুঝি’।
Posted ৫:৫৪ পিএম | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya