নবীনগর সংবাদদাতা:
প্রিন্ট
শনিবার, ০২ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 9:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে ইমন (১৩) নামে এক শ্যালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে আপন ভগ্নীপতি বিরুদ্ধে। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমন একই এলাকার মো. রবিউল্লাহ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে রফিকুল ইসলাম নামে ভগ্নীপতি পলাতক রয়েছে।
নিহতের পিতা রবিউল্লাহ জানান, তার মেয়ে মনিরার সাথে ৭ বছর পূর্বে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার রফিকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বাড়ির পাশের একটি খেলার মাঠ থেকে ইমনকে ডেকে নেয় তার বোনের জামাই রফিকুল। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্থানীয় জয়া ডাক্তারের পরিত্যাক্ত জমিতে ফেলে সে পালিয়ে যায়।
তার অভিযোগ পারিবারিক কলহের জের ধরেই ইমনকে খেলার মাঠ থেকে ঢেকে নিয়ে হত্যা করেছে তারই মেয়ের জামাই রফিকুল ইসলাম।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইমনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রফিকুল ইসলাম পলাতক রয়েছে বলে জানান পরিদর্শক রাজু।
Posted ৯:২৯ পিএম | শনিবার, ০২ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya