স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 1:51 am
সাংবাদিক জহির রায়হানের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জহির রায়হান বীরগাঁও ইউনিয়নের আমতলি গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ দফতর সম্পাদক।
বাইশমৌজা বাজার কমিটির সভাপতি আরিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও আয়কর আইনজীবী মো. আসাদুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস-দাঙ্গাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় জহির রায়হানকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। গ্রাম্য নোংরা রাজনীতির শিকার হয়ে তিনি এখন কারাগারে রয়েছেন। আমরা অবিলম্বে তার মুক্তির দাবি করছি।
উল্লেখ্য, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে গোষ্ঠীগত দাঙ্গার জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সংগঠিত জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর জেলা শহরের কাউতলি এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি এই মামলার ৯৩ নম্বর আসামি।
Posted ১:৫১ এএম | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya