ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:59 pm
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন এ খাতের মালিক-শ্রমিকরা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি।
গণপরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন,, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে।
গণপরিবহন বন্ধ বা ধর্মঘট নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চারজন নেতা গণমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন।
গতকাল বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধি না করার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন মালিক সমিতির এক নেতা সাংবাদিকদের জানিয়েছেন, পরিবহনের অধিকাংশ সংগঠনের নেতারা সরকারপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তারা আনুষ্ঠানিকভাবে ধর্মঘট ঘোষণা করতে চান না। তবে অনানুষ্ঠানিকভাবে বাসসহ বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমে বলেন, তেলের মূল্য বাড়ায় মালিকরা গাড়ি চালাবেন না, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক ধর্মঘট ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের পক্ষ থেকে বিআরটিএকে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।
এর আগে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়। জ্বালানি তেলের বর্ধিত এ দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম জাগো এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র: জাগোনিউজ
Posted ৮:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya