স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৬ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 1:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের গাড়িতে দুর্বৃত্তদের গুলিতে ভানু লাল দাস(৩৫) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের বাহাদুরপুর সড়কে এই ঘটনাটি ঘটে। নিহত ভানু লাল চন্দ্র তালশহরের হরি চরন দাশের ছেলে। সে তালশহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরী করতেন।
তালশহর ইউপি চেয়ারম্যান আবু শামার ছেলে আশুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আমির হোসেন জানান, সকালে আমাদের ব্যক্তিগত গাড়ির জ্বালানী তেল আনতে চালকের সাথে গ্রাম পুলিশ ভানু লালকে পাঠানো হয়। গাড়িটি তালশহর-বাহাদুরপুর সড়ক হয়ে আশুগঞ্জ যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে কয়েকজন যুবক গাড়িটির গতি রোধ করে। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। দূর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে এলোপাথারী গুলি চালিয়ে পালিয়ে যায়। একটি গুলি ভানু লালের মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, গত ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। এর বিরোধ নিয়ে আগে থেকেই বিভিন্ন হুমকী ধামকী দেয়া হচ্ছিল। এরই জের ধরে হয়তো আমরা গাড়িতে আছি মনে করেই গুলি চালানো হয়েছে। ভানু লাল হামলাকারীকে চিনে ফেলার কারনেই তাকে হত্যা করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না।
Posted ১:৩৯ পিএম | শনিবার, ০৬ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya