বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 10:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অলিউল্লাহ সরকার অতুল (৩৮) নামের এক সাংবাদিক কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেওয়ার প্রায় আড়াই মাস পর ফলাফলের খুদে বার্তায় পজিটিভ বলে জানতে পেরেছেন। রোববার রাতে তার মুঠোফোনে সেই বার্তা আসে। সেই বার্তা পেয়ে তিনি অনেকটা বিস্মিত হয়েছেন। সাংবাদিক অতুল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশের খবরের কসবা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
কসবা প্রেসক্লাব সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৭মে প্রেসক্লাবের সভাপতি সোলাইমান খানের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এর একদিন পর ২৮মে কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক অলিউল্লাহ সরকার অতুল, রুবেল আহমেদ, আনোয়ার হোসেন উজ্জ্বল, ভজন শঙ্কর আচার্য কোভিটের নমুনা পরীক্ষার জন্য দেন। এর কিছুদিন পর সেক্রেটারি নেপাল চন্দ্র সাহার পজিটিভ আসে। কিন্তু বাকীদের কোন ফলাফল আসেনি। গত রোববার রাতে প্রায় আড়াই মাস পর বাকীদের মুঠোফোনে খুদে বার্তা আসে। ওই বার্তায় অলিউল্লাহ সরকার অতুলের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ও বাকীদের নেগেটিভ আসেন।
সাংবাদিক অলিউল্লাহ সরকার বলেন, নমুনা দেওয়ার পর কোন প্রকার রিপোর্ট আসেনি। হাসপাতালে এই বিষয়ে যোগাযোগ করলে শুধু জানায়, নেগেটিভ হতে পারে। এই অবস্থায় পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছি। করোনা পরীক্ষার নমুনা দেওয়ার আড়াই মাস পর ফোনে খুদে বার্তা আসে করোনা পজিটিভ।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, দীর্ঘ সময় পর করোনা প্রতিবেদন আসার বিষয়টি আবারও খতিয়ে দেওখা হবে। কোনো ধরনের ভুল হয়েছে কি না, তা–ও খুঁজে বের করা হবে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, অনেক সময় টেকনিক্যালি সমস্যায় এমন হতে পারে। তারপরেও বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব, কি কারণে দীর্ঘদিন পর খুদে বার্তায় রিপোর্ট গিয়েছে।
-রাফি/–
Posted ১০:২৫ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya