স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 11:28 am
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খাড়াসারে মাহাবুব আলমকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামী রুস্তম আলী(৫২) কে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কুমিল্লা জেলার হোমনা উপজেলার পদাবিক প্রকল্পের হিসাবরক্ষক পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৪ নভেম্বর বিআরডিবির প্রকল্প পরিচালক (পদাবিক) শঙ্কর কুমার পাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
বিআরডিবি প্রধান কার্যালয় হতে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ফৌজদারি অপরাধে গ্রেফতার ও জেলহাজতে থাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৮৮ এর প্রবিধান ৪৫ এর (৫) উপপ্রবিধি মোতাবেক রুস্তম আলীকে ২১ সেপ্টেম্বর গ্রেফতারের দিন থেকে এ আদেশ কার্যকর হবে। রুস্তম আলী আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খাড়াসার গ্রামের মৃত কাঞ্চন মিয়ার ছেলে।
চলতি বছরের ১৭ জানুয়ারি রাতে নিজ গ্রাম খাড়াসার হতে বড়তল্লা গ্রামে যাওয়ার জন্য মাহাবুব তার বাড়ি থেকে বের হলে রুস্তম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে। সন্ত্রাসীরা মাহাবুবকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় ৪৭ টি সেলাই দিতে হয়। মাহাবুব আলম নরসিংদীর থার্মেক্স গ্রুপে ম্যানেজার পদে কর্মরত আছেন।
এ ঘটনায় মাহাবুব আলমের পিতা আব্দুর রউফ বাদী হয়ে রুস্তম আলীকে প্রধান আসামী করে আশুগঞ্জ থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় আশুগঞ্জ থানা পুলিশ রুস্তম আলীকে ৩২৬ ধারায় অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। তিনি ২ দফায় গ্রেফতার হয়ে ৬৫ দিন হাজত বাস করেন।
Posted ১১:১৯ এএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya