স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 2:37 pm
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ব্যাংকের ভেতর থেকে রাজেশ বিশ্বাস (২৩) নামের নৈশপ্রহরীকে হত্যার ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের আশুগঞ্জ শাখা থেকে তার হাত, পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত নৈশপ্রহরী রাজেশ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলাকার ক্ষিরোদ বিশ্বাসের ছেলে।
এই ঘটনায় পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে জামাল হোসেন ওরফে মাসুদ (২৪), জামিল (২৮), মাসুম কবির (৩৮) ও সাদ্দাম হোসেন (২৭) নামের চারজনকে গ্রেফতার করেছে।
এই ঘটনার বিস্তারিত জানাতে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর আমরা প্রাথমিক ভাবে ক্রাইম সিন পর্যালোচনা করি। শুরু করা হয় আসামীদের গ্রেফতার করতে তদন্ত। হত্যায় জড়িত থাকায় চারজনকে সনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে আটক করা হয়েছে। এরমধ্যে প্রধান হোতা আটক জামাল হোসেন ওরফে মাসুদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে৷ আটক মাসুদ ঘটনার সাথে সরাসরি জড়িত আরও ৪জনের নাম ছাড়াও অনেকেরই নাম প্রকাশ করেছে। তিনি বলেন, হত্যাকারীরা ব্যাংকের টাকা লুটপাট করতে পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার আগে হত্যাকারীরা ব্যাংকের আশপাশ এলাকা র্যাকি করে। একটি জানালা প্রায় অরক্ষিত ছিল। জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতরে ৪জন ঢুকে, একজন বাইরে পাহারারত থাকেন। ব্যাংকে ঢুকার পর কিছু সময় অবস্থান করার পর তারা সিসি ক্যামেরা অচল করে দেন। এরপর ব্যাংকের ভেতরে রাজেশ বিশ্বাসকে তাদের হাতে থাকা শাবল ও র্যাঞ্জ দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। তবে এই ঘটনায় ব্যাংকের কোন টাকা নিতে পারেনি তারা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর) মকবুল হোসাইন, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সরাইল) আনিছুর রহমান সহ ডিআইও-১ সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ২:৩৭ পিএম | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya