স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 7:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে বল কুড়াতে গিয়ে কবির হোসেন (১৫) নামের এক কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আশুগঞ্জ পুড়াগুদাম এলাকায় এই ঘটনা ঘটে। কবির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। সে আশুগঞ্জে তার মায়ের সাথে পুড়াগুদাম এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
আশুগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ পুড়া গুদাম এলাকার একটি চাতাল কলে মেঘনা নদীর তীরে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল কবির। এসময় ক্রিকেটের বলটি মেঘনা নদীতে গিয়ে পড়ে। কবির নদীতে ঝাপ দিয়ে বল আনতে গিয়ে স্রোতে ভেসে যায়। নদীর পানি থেকে আর উঠে আসতে পারেনি।এসময় কবির নদীর তীরে অবস্থিত লোকদেরকে তাকে উদ্ধার করতে ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি। কিছুক্ষণের মধ্যেই কবির পানিতে তলিয়ে যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব নৌপুলিশ ও আশুগঞ্জ থানা যৌথ উদ্যোগ চালিয়ে কিশোরটির সন্ধান চালিয়ে যাচ্ছে।
বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরের কোন সন্ধান মেলেনি।
Posted ৭:০০ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya