আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ১০ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 9:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিপক্ষের হামলায় ওয়াহাব মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরার চানপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
রোববার ভোররাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ওয়াহাব মিয়া ওই এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ওয়াহাব মিয়া স্থানীয় চানপুর বাজারের মৌসুমী ব্যবসায়ী ছিলেন। তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী জয়নাল মিয়ার। শনিবার রাতে ওয়াহাব মিয়া দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জয়নাল মিয়াসহ তার লোকজনের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে ওয়াহাব মিয়ার ওপর হামলা করে তারা।
হামলায় আহত ওয়াহাব মিয়াকে পরিবারের লোকজন প্রথমে বাড়িতে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মারা যান।
আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ এখনো দেয়নি। তদন্তের পর বিস্তারিত আরো বলা যাবে বলে জানান তিনি।
Posted ৯:০৪ পিএম | রবিবার, ১০ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya