শারদীয় দূর্গা পূজা উপলক্ষে

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 10:38 pm

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ
দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১২শ’ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে প্রথম চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছবোঝাই দুইটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
মোহাতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে মাছগুলো রপ্তানি করে। আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস। মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের সত্বাধিকারী ফারুক মিয়া জানান, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে। প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। দুর্গাপূজা শুরুর আগেরদিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে। তবে বাজারে ইলিশের সংকটের কারণে অনুমোদনের সমপরিমাণ মাছ রপ্তানি করা যাবে না।
উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার।
Facebook Comments Box

Posted ১০:৩৮ পিএম | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

The Daily Sarod |