ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩টি ইউনিয়নের অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় আছে অন্তত সাড়ে ৪শ’ পরিবার। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর বাধ।
খোঁজ জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, ইটনা, বাউতলা, কেন্দুয়াই ও আবদুল্লাহপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় গ্রামের অধিকাংশ সড়ক। এতে করে ওই ৩ ইউনিয়নে জন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেলবাজার এলাকায় হাওড়া নদীর বাধটি ভাঙন ঝুঁকিতে পড়ে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম জানান, দুর্গতদের জন্য ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে অধিকাংশ পরিবার বাড়িতে মূল্যবান জিনিসপত্র ও গবাদি পশু ফেলে আশ্রয়কেন্দ্রে আসতে চাইছেন না। ইতোমধ্যে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে।