ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় একটি সেতু দেবে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েগেছে। গতকাল বুধবার (০৪ জুন) দিনগত রাতে উপজেলার আখাউড়া-কসবা সড়কের কাকিনা খালের উপর সেতুটি মাঝখানের অংশ দেবে যায়। এর ফলে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে সেতু দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।
আখাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাকিনা খালের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার। রাতের কোনো একসময় হয়তো ভারী কেনো যানবাহন সেতু পার হওয়ার সময় ওভারলোডের কারণে মাঝখানের অংশ দেবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর দুইপাশের রেলিং। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আখাউড়া-কসবা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন জানান, সেতু দেবে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।